২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় এক সংখ্যালঘু ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

খোকন পোদ্দার নামের ওই ব্যবসায়ী জানান, তাকে নিজের জমিতে ঘরবাড়ি উত্তোলন করতে বাধা দিচ্ছে তারা। তাকে কয়েকবার লাঞ্ছিতও করেছে। বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছে প্রতিনিয়ত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় নেতৃবৃন্দের কাছে এর প্রতিকার চেয়েও কোনো লাভ হয়নি। পরবর্তীতে তিনি জমি দখলমুক্ত ও বুঝে পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।

এদিকে বিভিন্নভাবে হুমকিধামকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন খোকন পোদ্দার ও তার পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসককে দেওয়া আবেদনে বলা হয়, জেলার ভাঙ্গা পৌরসদরের ৩৮ নং চন্ডিদাসদী মৌজার একটি দাগের এক একর পয়ত্রিশ শতাংশ জমির মধ্যে আট শতাংশ জমি ২০১১ সালের নভেম্বর মাসে একই এলাকার আছমা বেগমের কাছ থেকে ক্রয় করেন খোকন পোদ্দার।

জমি কেনার কিছুদিন পর খোকন পোদ্দার ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে একই এলাকার প্রভাবশালী আবু আলম, মানিক ও জাহাঙ্গীরসহ তার লোকজন খোকন পোদ্দারকে জমিতে ঘর তুলতে বাধা দেন।

জমিটি বুঝে পেতে খোকন পোদ্দার স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দের কাছে একাধিকবার ধর্না দিয়েও কোনো লাভ হয়নি।

পরবর্তীতে খোকন পোদ্দার ভাঙ্গা থানায় আবু আলম ও তার লোকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর থানায় একটি সালিশ বৈঠকের ব্যবস্থা করে থানা কর্তৃপক্ষ।

বৈঠকে খোকন পোদ্দার তার কেনা জমির কাগজপত্র দেখাতে পারলেও আবু আলম তার দখলকৃত জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আবু আলম কাগজপত্র দেখানোর জন্য কিছুদিন সময় চান। পরবর্তীতে তিনি আর কাগজপত্র নিয়ে দেখা করেননি।

এ ব্যাপারে স্থানীয় মিজান শেখ জানান, আবু তালেব ও তার দুই ভাই খুব খারাপ প্রকৃতির মানুষ। তারা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে জরিত। শুধু খোকন পোদ্দারের জমিই নয় আরও অনেক মানুষের জমি তারা দখল করে রেখেছে। এর আগেও একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করা হয় স্থানীয়ভাবে। বৈঠকে আবু আলম হাজির হয় না।

এদিকে আবু আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

আবু আলমের ভাই মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “খোকন পোদ্দার যে জমি ক্রয় করেছেন ওই জমি আমাদের। ওই জমি আমার দাদার আমলের। কাগজপত্র সবই আমাদের নামে রয়েছে।”

তবে, কাগজপত্র দেখতে চাইলে তিনি এরিয়ে যান।

খোকন পোদ্দারকে হুমকিধামকি দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খোকন পোদ্দারকে কোনা হুমকিধামকি দেওয়া হয়নি। তাকে শুধু জমিতে ঢুকতে দেওয়া হয় না।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলমগীর হোসেন বলেন, “এ বিষয়ে জেলা প্রশাসক আমাকে ব্যবস্থ নিতে বলেছেন, আমি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেব।”