আনুষ্ঠানিকতা শেষ হলেই রায় কার্যকর: মন্ত্রী
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের প্রাণদণ্ডের রায় আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ফাইল ছবি
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কামারুজ্জামানের আপিলের রায়ে সোমবার আপিল বিভাগ বিচারিক আদালতের সাজাই বহাল রাখে। চূড়ান্ত এই রায়ের মধ্য দিয়েই নির্ধারিত হয়ে যায় একাত্তরের বদর নেতা কামারুজ্জামানের ভাগ্য।
এখন আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেটি হাতে পেলে নিয়ম অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারি করবে ট্রাইব্যুনাল। এরপর তা কার্যকর করবে সরকার। এক্ষেত্রে সরকার চাইলে কারাবিধিও (জেল কোড) অনুসরণ করতে পারে।
কারাবিধি অনুযায়ী প্রত্যেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর জেল সুপার তা বন্দিকে জানিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার বিষয়ে তার মত চাইবেন। সাত দিনের মধ্যে তাকে ক্ষমা প্রার্থনা করতে হবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা করবেন কি-না তা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। এজন্য আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হবে না।”
তিনি বলেন, “কারো মৃত্যুদণ্ড হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবার জন্য সাতদিন সময় থাকে। এ সময়ে কেউ ক্ষমা না চাইলে বুঝে নিতে হবে সে ক্ষমা চাইবে না। ছয় দিনের দিনও তিনি চাইলে ক্ষমা চাইতে পারেন, এমন আইন আছে।”
অবশ্য ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতদের ক্ষেত্রে কারাবিধি অনুসরণ করা বাধ্যতামূলক নয় বলে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি বাস্তবায়নের আগে মত দিয়েছিল সরকার।
বনানীতে নিজের বাসায় এই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেই রায় কার্যকর করা হবে।”
একাত্তরে আলবদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখা প্রধান কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর দেড় বছরের মাথায় তার মামলার চূড়ান্ত রায় এলো।
