২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হরতালে বোমাবাজি-ভাংচুর, আটক ৭

জামায়াতে ইসলামীর হরতালে ফেনী শহরে বোমা বিস্ফোরণ, ট্রাকে ভাংচুর, ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেছে পিকেটাররা।  

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার-এএসপি সাইফুল আলম জানান, রোববার রাতে থেকে সোমবার দুপুর পর্যন্ত সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়েছে।

সদর, ছাগলনাইয়া, সোনাগাজী ও ফুলগাজী উপজেলায় এসব অভিযান চালানো হয়।

হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানচলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান এএসপি সাইফুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে রামপুর এলাকায় মহাসড়কে ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটিয়ে তিনটি ট্রাক ভাংচুর করে শিবির।

জেলা শহরে যান চলাচল তুলামূলক কম। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুরে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকা ও ইসলামপুর সড়কের মোড়ে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালের বিরোধিতা করে জেলা শহরে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন।

মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রোববার ও সোমবার হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।