২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোল সম্মেলনে গেলেন আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার রোববার সকালে ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মোনাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 01:04 AM

Updated : 22 Aug 2022, 07:30 PM

এই সম্মেলনে বাংলাদেশ পুলিশের  উপ মহাপরিদর্শক (অপারেশনস্) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহকারী মহাপরিদর্শক (এনসিবি) মাহবুবুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামও অংশ নিচ্ছেন।

ইন্টারপোল প্রতিবছর সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে। এ বছর মোনাকোতে এই বৈঠক হচ্ছে।

সোমবার থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশের পুলিশ প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলোর মন্ত্রীদের বৈঠক হবে। এতে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  আসাদুজ্জামান খাঁন কামাল অংশ নেবেন।