যুবলীগ চেয়ারম্যানের বাড়ির সামনে বোমাবাজি-ভাংচুর
জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে ঢাকায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে।
রোববার সন্ধ্যার এই ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন ক্ষমতাসীন দলের যুব সংগঠনের এই নেতা।
তবে ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটকের কথা জানালেও যুবলীগ চেয়ারম্যানের গাড়ি এই হামলার লক্ষ্যস্থল ছিল না বলে দাবি করেছেন ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক।
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে দেশজুড়ে, সোমবারও তা চলবে।
ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ধানমণ্ডি এলাকায় প্রথমে মিছিল বের করে। এরপর তারা আরেকটি বিশাল হোন্ডা মিছিল বের করে। মিছিল থেকে আমার বাসায় ৫/৭টি হাতবোমা নিক্ষেপ করে তারা।”
এসময় বাড়ির পাশ থেকে কয়েকটি গাড়ি বের হলে মিছিলকারীরা সেগুলোও ভাংচুর করে বলে দাবি করেন তিনি।
মূলত ভয়ভীতি দেখাতে জামায়াতকর্মীরা এই কাজ করেছে জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, “জামায়াতের ক্যাডাররা প্রায় ২৫ মিনিট ধরে এ ঘটনাগুলো ঘটালেও সেখানে কোনও পুলিশ সদস্য ছিল না।”
ধানমণ্ডির ৮/এ সড়কের বাড়িতে এই ‘হামলার’ সময় ওমর ফারুক না থাকলেও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বলেন, এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা।
যুবলীগ চেয়ারম্যানের বাড়িতে কোনও হামলা হয়নি দাবি করে ধানমণ্ডি থানার ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরের ক্যাডাররা একটি মিডওয়ে বাস ভাংচুর করেছে। সেখান থেকে তিনজন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।”
