মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে ৬০ বছরের এক নারী নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।
কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামে রোববার এ সংঘর্ষে নিহত হন কুলসুম বেগম (৬০)।
আহতদের মধ্যে আট জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া জানান, কদমবাড়ী ইউনিয়নের মহিষমারী পশ্চিমপাড়ায় চুন্নু শেখের বাড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে একই গোষ্ঠীর রবি শেখের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরপর আমির শেখ গ্রুপ ও রবি শেখ গ্রুপের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
আহত হওয়ার পর রাজৈর হাসপাতালে নেয়ার পথে কুলসুম বেগমের মৃত্যু হয়।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
