২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ পরিস্থিতি ‘স্বাভাবিক’

জাতীয় গ্রিড বিপর্যয়ে প্রায় আট ঘণ্টা গোটা বাংলাদেশ বিদ্যুৎহীন থাকার পরদিন রোববার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন কর্তাব্যক্তিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 02:53 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

চাঁদ ছিল আকাশে: কাদের
বিদ্যুৎ বিপর্যয়ে বাংলাদেশ

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, “এখন সারাদেশে ৪৯০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কোনো লোডশেডিং নেই।”

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, বর্তমানে উৎপাদন ও বিতরণ পরিস্থিতি ‘স্বাভাবিক’ রয়েছে।

আগেরদিন বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর ত্রুটি সারাতে দেরি হওয়ায় সন্ধ্যার পর পুরো দেশ ডুবে গিয়েছিল অন্ধকারে।

সন্ধ্যা নামার কয়েক ঘণ্টা পর বিদ্যুৎ আসতে শুরু করে, মধ্য রাতের দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এলে জনদুর্ভোগের অবসান ঘটে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ও ভারতের সরবরাহ লাইনে ত্রুটি থেকে বিদ্যুৎ বিপর্যয়ের খবরটি প্রথম পাওয়া যায়। পরে দেশের অন্যান্য স্থান থেকে বিদ্যুৎ চলে যাওয়ার খবর আসতে থাকে।

ভেড়ামারার ওই সঞ্চালন লাইন দিয়ে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ।

কুষ্টিয়ার কর্মকর্তারা জানান, ভেড়ামারার রামকৃষ্ণপুরে অবস্থিত ৫০০ মেগাওয়াট এইচভিডিসি ভারত-বাংলাদেশ ব্যাক টু ব্যাক বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে আকস্মিক বিপর্যয় ঘটে।

ব্যাক টু ব্যাক বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, “বেলা ১১ টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডের সময় হঠাৎ করে এ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ব্ল্যাক আউট হয়।”

লো-ভোল্টেজ বা অন্য কোনও কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা তার।

Image
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এর মধ্যে ত্রুটি মেরামতের কাজ শুরু হয়। সাড়ে ১২টার দিকে পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে তা ৭০০ মেগাওয়াট পর্যন্ত উঠেছিল বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল।

কিন্তু এরপর বিকালে পুনরায় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ফের সঙ্কট দীর্ঘায়িত হয়ে যায়।

এদিন বিদ্যুতের ৬ হাজার ৬০০ মেগাওয়াট চাহিদা ছিল বাংলাদেশে। সরবরাহ ৭০০ মেগাওয়াটে ওঠার পর পুনরায় বিপর্যয় দেখা দিলে তা ২০০ মেগাওয়াটে নেমে আসে বলে সন্ধ্যায় জানান বিদ্যুৎ সচিব মনোয়ার হোসেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী সন্ধ্যায় বলেন, দ্রুত সরবরাহ বাড়াতে গিয়ে পুনরায় সমস্যা দেখা দেয়। এখন ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হচ্ছে।  

এরপর ছয়টার পর থেকে বিভিন্ন স্থানে বিদ্যুত আসতে শুরু করে।

তবে ঠিক কোথা থেকে সমস্যা হয়েছে তা সংবাদ সম্মেলনে পরিষ্কার করতে চাননি প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রতিমন্ত্রী।

এ বিষয়ে একাধিক প্রশ্নের উত্তরে বিপু বলেন, “তদন্ত প্রতিবেদন এলে আপনাদের জানাবো। তার আগে কিছু বলতে চাচ্ছি না।”