লেখক-সাংবাদিক ওয়ালীউজ্জামান মারা গেছেন
লেখক ও সম্পাদক মীর ওয়ালীউজ্জামান রোববার ভোররাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
প্রয়াতের শ্যালক হাফিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে তাকে তার ধানমণ্ডির বাসায় নিয়ে আসা হয়েছিল।
মীর ওয়ালীউজ্জামান
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর নামাজে জানাজা শেষে মীর ওয়ালীউজ্জামানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘ কর্মজীবনে সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন ওয়ালীউজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমে সম্পাদনার কাজও করেছেন তিনি।
১৯৪৮ সালে মাগুরার শ্রীপুর থানার চৌগাছি গ্রামে তার জন্ম। পড়াশোনা করেছেন সেইন্ট গ্রেগরিজ ও পগোস হাইস্কুল, নটরডেম কলেজে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র।
