২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়বিচার হয়েছে: প্রসিকিউশন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের আদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রতিক্রিয়ায় বলেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2014, 01:01 PM

Updated : 13 Oct 2022, 12:44 PM

পুরনো খবর:

বদরপ্রধান নিজামীকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে
আদালত আপস করে না: ট্রাইব্যুনাল

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  জামায়াতে ইসলামীর আমির নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে।

তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটিতে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অন্য চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর মো. আলী বলেন, “বহুল প্রতীক্ষিত এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ের ঘোষণা দিয়েছে। ১৬টি চার্জের মধ্যে ৮টি সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন।

“এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, “আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, মক্তিযুদ্ধ চলাকালে আসামি মতিউর রহমান নিজামী যে কর্মকাণ্ড করেছেন তার জন্য মৃত্যুদণ্ডই একমাত্র দণ্ড হতে পারে।”

‘নিজামীর অপরাধ এতো ভয়াবহ যে মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রায় হতে পারে না’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর তুরিন আফরোজ।

“আদালত তার পর্যবেক্ষণে বলেছে, আল-বদর একটি ক্রিমিনাল সংগঠন তো বটেই, একইসাথে এটি একটি সাম্প্রদায়িক সংগঠনও। সে সময় ধর্মের অপব্যাখ্যা করে প্রচুর তরুণকে এ সংগঠনটি বিভ্রান্ত করেছিল, যাদের নেতা ছিলেন নিজামী,” বলেন তিনি।