২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর লাশ নিয়ে পালানোর সময় স্বামী আটক

গাজীপুরে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার পর লাশ নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 07:25 PM

জয়দেবপুর থানার এসআই আরশেদ হোসেন জানান, মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাজমুন নাহার (২১) রাজশাহীর মেহেরচণ্ডী এলাকার গোলাম জিলানীর মেয়ে।

তার স্বামী রফিকুল ইসলাম (৩২) পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্ত্রীর অন্য জনের সঙ্গে সম্পর্ক থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।  তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি লোপ-তোষকে মোড়ানো ছিল। নিহতের গলা ও ডান পা কাটা। মুখের মধ্যে ওড়না ঢোকানো এবং দুই পা ওড়না দিয়ে বাঁধা। সম্ভবত ২/৩ দিন আগে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়।”

আট মাস আগে নাহার ও রফিকুল নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলেন। গত ছয় মাস ধরে বেসরকারি চাকরিজীবী রফিকুল স্ত্রীকে নিয়ে দক্ষিণ ছায়াবিথী এলাকার মো. শামীম হোসেন নামে এক আইনজীবীর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

স্থানীয় চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি কোচিং সেন্টারেও খণ্ডকালীন চাকরি করতেন রফিকুল। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দিতে।   

বাড়িওয়ালা শামীমের বরাত দিয়ে পুলিশ জানায়, একমাস আগে রফিকুল বাসা ছেড়ে দেবেন বলে জানান। এজন্য ভোর ৫টার দিকে একটি ট্রাক এনে ঘরের মালামাল ওঠান।

“মালামাল থেকে দুর্গন্ধ পেয়ে ট্রাকের চালক ও তার সহযোগীরা বাড়ির মালিককে জানান। পরে লেপ-তোষকের ভিতর থেকে লাশ পাওয়া যায়। এ বিষয়ে রফিকুলের কাছে জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশে খবর দেয়া হয়।”  

সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।