ব্যবসায়ীকে গরম পানিতে ঝলসে দিলেন সাবেক স্ত্রী
গরম পানিতে ঝলসানো দেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যবসায়ী, এই অবস্থার জন্য তার সাবেক স্ত্রীকে দায়ী করা হচ্ছে।
এই ব্যবসায়ীর নাম মোক্তার হোসেন (৩৮)। এক ছেলে ও এক মেয়ে নিয়ে রূপনগরের ২০ নম্বর রোডের ১৭ নম্বর বাসায় থাকেন তিনি। কয়েক বছর আগে তার স্ত্রী জোছনা বেগমের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
সোমবার সকালে মোক্তারকে হাসপাতালে আনা হয়, তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইউনিটে। তার দেহের ৪৫ ভাগ ঝলসে গেছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
ঝুট ব্যবসায়ী মোক্তারের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়।
মোক্তারের ছেলেকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্তানদের দেখবেন বলে জোছনা বেগম রোববার রাতে বাসায় এসেছিলেন। ভোররাতে সে মোক্তারের শরীরে গরম পানি ঢেলে দিয়ে চলে যায়।”
রূপনগর থানার ওসি শিকদার মো. শামীম হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনও কোনও অভিযোগ পাননি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
জোছনা বেগমের কোনও হদিস তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
