বরিশালে বাস খাদে পড়ে নিহত ১
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পূর্বপাংশা এলাকায় এ দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে দেড় ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বরগুনা জেলার বাদল (২৬), মনির (২৮), মাসুম (৫০), পিয়ারী (৬০), বাবুল আকন (৩০), পটুয়াখালী জেলার মাহাবুব (২৬), বরিশাল সদর উপজেলা আরিফ (২৬), ঝুমুর (৩০), বায়োজিদ(১১), বাকেরগঞ্জ উপজেলার রমজান(১১), ভোলা জেলার আব্দুর রহমান (৫৫) ও ঢাকার কেরানীগঞ্জের ইউসুফ সর্দার (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, "বরগুনার আমতলী থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগে।
"এতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন বাসের ১২ যাত্রী।"
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহিদুজ্জামান।
তিনি বলেন, "দুর্ঘটনা কবলিত বাসটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে যাত্রীরা জানিয়েছেন। এছাড়া দ্রুতগতির বাসটির ছাদে মালামালও উঠানো হয়েছিল।"
