না’গঞ্জে জঙ্গি সন্দেহে ইমাম গ্রেপ্তার
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লার এক মসজিদের ইমাম ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ এবং ৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লার ধর্মগঞ্জের একটি মেস থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফতুল্লার হরিহরপাড়া আমতলা জামে মসজিদের ইমাম মাওলানা রফিক আহমেদ এবং তার ছোট ভাই সাব্বির আহমেদ। সাব্বির ফতুল্লার একটি ইটভাটায় চাকরি করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই দুই জনকে গ্রেপ্তার করেছে।
পরে গ্রেপ্তারদের দেয়া তথ্য মতে ধর্মগঞ্জের একটি মেস থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জব্দ করা সরঞ্জামসহ গ্রেপ্তারদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।
