চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা, গান পাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদরে বৃহস্পতিবার একটি পরিত্যক্ত বাড়িতে নয়টি হাতবোমা ও গান পাউডার উদ্ধার করেছে র্যাব।
রাজশাহী র্যাবের সহকারী পরিচালক এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, চাঁপাইনবাবগঞ্জে নাশকতা চালানোর পরিকল্পনা করে বোমা মজুদ করেছে কিছু দুস্কৃতিকারী।
এমন তথ্যের ভিত্তিতে গত তিনদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাবের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের তৃতীয় দিন বৃহস্পতিবার সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৯টি হাতবোমা ও এক কেজি ৩০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
এ নিয়ে গত তিনদিনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৫৯টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি সারোয়ার।
