সিলেটে চা শ্রমিকদের মজুরির টাকা ছিনতাই
সিলেটে লাক্কাতুরা চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরির ছয় লাখ টাকা দুবৃর্ত্তরা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিমানবন্দর থানার ওসি শাহজামান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের আম্বরখানা-বিমানবন্দর সড়কে মজুমদারি জামে মসজিদের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দীপক পুরকায়স্থ তাপস নামে এক বাগান কর্মচারী আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
এ ঘটনার পর ওই বাগানের চা শ্রমিকরা সিলেট-বিমানবন্দর-কোম্পানীগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বলে জানান ওসি শাহজামান।
লাক্কাতুরা বাগানের কর্মকর্তা জাফর চৌধুরী বুলবুল বলেন, বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেয়ার জন্য বাগান ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান ও কর্মচারী দীপক পুরকায়স্থ তাপস পূবালী ব্যাংকের স্টেডিয়াম শাখা থেকে ছয় লাখ টাকা তুলে ফিরছিলেন।
"মজুমদারি জামে মসজিদের সামনে আসার পর আটটি মোটরসাইকেলে করে ১৬ জন ছিনতাইকারী তাদের বহকারী জিপটির গতিরোধ করে।
"জিপের গ্লাস ভাঙচুর করে ভেতরে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পীর মহল্লার এলাকার দিকে পালিয়ে যায় তারা। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দীপক আহত হন।"
