খালেদার কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ
ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ অনুষ্ঠানের পরপরই তার কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের সময় খালেদা জিয়া তার কার্যালয়ের দোতলায় ছিলেন।
বিস্ফোরণে কারও কোনও ক্ষতি হয়নি। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ গুলশানে খালেদার ওই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এর আগে বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সামনে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে একদল কর্মীর মিছিলের সময়ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
রাজিব আহসানকে সভাপতি এবং আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া।
ওই কমিটির নেতারা দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যান। বিকালে সেখানে ‘পদবঞ্চিতদের’ মিছিল ও হাতবোমা বিস্ফোরণ ঘটে।
নয়া পল্টনে বিকালে বিস্ফোরণের চিত্র
রাত সোয়া ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত নতুন কমিটির নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা নেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি দোতলায় নিজের কক্ষে চলে যান।
অন্যদিকে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা কার্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে অবস্থান নিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করছিলেন।
এর মধ্যেই রাত ১০টা ৪২ মিনিটের দিকে কার্যালয়ের বাইরে উত্তর পাশে পরপর পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই দিন থেকে ‘নতুন কমিটি মানি না’ স্লোগানও শোনা যায়।
অন্যদিকে ভেতরে অবস্থারত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তবে পরে বিস্ফোরণস্থলে আর কাউকে দেখা যায়নি। ইতোমধ্যে পুলিশও সেখানে চলে আসে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখছি।”
