পাবনায় সেনা সদস্যের লাশ উদ্ধার
নিখোঁজের ১৩ দিন পর পাবনায় এক সেনা সদস্যের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওবায়দুল হক বগুড়া সেনানিবাসে ১১ বি ইউনিটে কর্মরত ছিলেন। তার সেনা নম্বর ৪০৩৫১২৬। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাবাসপুর গ্রামে।
পাবনা সদর থানার এসআই অরবিন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেন। পরে তার পরিচয়পত্র দেখে লাশ সনাক্ত করা হয়।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি গলে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যায় পড়তে হয়েছে।
ঈদের আগে বাড়ি যাওয়ার সময় লোকাল কোনো পরিবহনে যাওয়ার সময় ছিনতাইকারীরা মালামাল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
ওবায়দুলের বড় ভাই মফিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওবায়দুল বগুড়া সেনানিবাসে ১১ বি ইউনিটে কর্মরত ছিলেন। গত ২ অক্টোবর ঈদের ছুটিতে ঝিনাইদহ আসার পথে তিনি নিখোঁজ হন।
বিষয়টি বগুড়া সেনানিবাসে অবহিত করলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসগর আলী বগুড়ার শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান তিনি।
