২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক স্থিতাবস্থা চান মুহিত

জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর কাছে দেশে স্থিতিবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে কলেজ শিক্ষার্থীদের এক সমাবেশে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতাবস্থার বিকল্প নেই। এজন্য সকল রাজনৈতিক দলের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া।"

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের বারুখ কলেজের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’- ওই অনুষ্ঠানের আয়োজন করে।

কলেজের অ্যাঞ্জেলমেন রিসাইটেল হলে ‘ইনসাইট টু বাংলাদেশ ইকনোমি’ শীর্ষক সেমিনারে মূল বক্তা ছিলেন অর্থমন্ত্রী। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেনও বক্তব্য দেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার। এতে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন আমেরিকান শিক্ষার্থী।

বাংলাদেশ উন্নয়নের বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "অর্থনৈতিক খাতগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা পুণর্প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। বাংলাদেশে এখন রাজনৈতিক সহিংসতা নেই বললেই চলে। এ ধারা অব্যাহত থাকলে অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে।”

সেমিনারে বারুখ কলেজের পরিচালক টেরেন্স মারটেল ছাড়াও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফায়েজ মেহের এতে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি মার্জিয়া স্মৃতি।