২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ ট্র্যাজেডি: ঢাবি শোক দিবস পালিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 08:19 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ছাত্র, কর্মচারী, অতিথিসহ ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

এরপর থেকে বছরের এই দিনটি বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

শোকাবহ ওই ঘটনার স্মরণে জগন্নাথ হলে ‘অক্টোবর স্মৃতি ভবন’ নামে একটি ভবনও নির্মিত হয়েছে।

বুধবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণের মধ্যে দিবসের কর্মসূচির সূচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করে। পরে অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এই ১৫ অক্টোবর যেন আমরা বিস্মৃত না হই। এই শোক দিবস আমাদের নিরাপত্তা, সততা ও সত্যনিষ্ঠার প্রতি সচেতনতা সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়।

“রক্ত দিয়ে সেতুবন্ধন সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয় উদারতা, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ১৫ অক্টোবর।”

বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে অনুপম রায়, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে রঞ্জন কর্মকার, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার প্রমুখ আলোচনায় অংশ নেন।

শোক দিবস উপলক্ষে বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, নিহতদের তৈলচিত্র ও ব্যবহারের বিভিন্ন জিনিস প্রদর্শন, রক্তদান কর্মসূচি, সন্ধ্যায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান হয়।

এছাড়া ‘অক্টোবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে, যা ৩১ অক্টোবর শেষ হবে।