২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ

বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সংবিধানের ষোড়শ সংশোধনীর কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি গত ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশিত গেজেটের বৈধতাও তিনি চ্যালেঞ্জ করেছেন।

তার আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সংবিধানে শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয়নি। অথচ সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে ১০ বছর আইনজীবী বা বিচারক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়।

“তাই কম শিক্ষাগত যোগ্যতার একজন সংসদ সদস্যের হাতে একজন বিচারককে অপসারণের ক্ষমতা থাকতে পারে না।”

গত সেপ্টেম্বর মাসে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপিসহ কয়েকটি দল ও আইনজীবীদের একটি পক্ষ শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসছিল।