ফেনীতে দুই বাসের সংঘর্ষ, এক চালক নিহত
ফেনী সদরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন, আহত হন দুই বাসের পাঁচ যাত্রী।
বুধবার বিকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া তেমুহানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাখাল চন্দ্র দাস (৪০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকার বাসিন্দা।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহম্মদ পাঠান জানান, নোয়াখালী থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী সীমান্ত পরিবহনের সঙ্গে ফেনী থেকে নোয়াখালীমুখী সুগন্ধা সুপার বাসের সংঘর্ষ হয়।
এতে সুগন্ধা সুপার বাসের চালক রাখাল চন্দ্র ঘটনাস্থলে মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি সালেহ আরো জানান, আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
