২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের বোমায় ৩ পুলিশ আহত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে গোলাগুলির মধ্যে বোমা হামলায় তিন পুলিশ আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

লক্ষ্মীপুর পুলিশের এএসপি (হেডকোয়াটার) নাসিম মিয়া জানান, বুধবার ভোররাতে উপজেলার লামচর ইউনিয়নের কাশেম নগর এলাকায় এ ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের ‘তালিকাভুক্ত’ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বোমা হামলায় আহত রামগঞ্জ থানার এসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নূর হোসেন ও রাসেলকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুলিবিদ্ধ জসিম উদ্দিনকে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে।

রামগঞ্জ থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জসিম উদ্দিন ওরফে বাত্তি লেইনজাকে গ্রেপ্তারের জন্য ভোররাতে কাশেমনগর এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় জসিমের লোকজন টের পেয়ে পুলিশের দিকে হাতবোমা ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।

“এক পর্যায়ে ব্যাপক গোলাগুলি শুরু হয় এবং সন্ত্রাসীদের বোমা হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।”

এ সময় জসিম উদ্দিন ওরফে বাত্তি লেইনজাসহ দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হলেও জসিম ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।