২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজ মিয়া জটিলতায় শুনানি হয়নি

সাক্ষী হিসেবে জালাল আহমেদ জজ মিয়াকে জেরা করতে আসামি পক্ষের অসম্মতিতে আটকে গেছে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার শুনানি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 10:23 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার নির্ধারিত দিনে জজ মিয়াকে জেরা করতে আসামি পক্ষ অসম্মতি জানালে সৃষ্ট জটিলতার মধ্যে বিচারক শাহেদ নূর উদ্দিন এজলাস ছেড়ে চলে যান।

এরপর শুনানি আর হয়নি। বুধবারও শুনানির দিন ঠিক রয়েছে, তবে একই জটিলতা চললে সেদিনের শুনানি নিয়েও অনিশ্চয়তা দেখছেন আইনজীবীরা।

নানা জটিলতা পেরিয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

দুই মামলার বিচার একসঙ্গে চলছে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে বিশেষ এজলাসে বসে শুনানি নিচ্ছেন বিচারক।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে গ্রেনেড হামলার মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের জজ মিয়াকে আসামি করা হয়েছিল।

পরে অধিকতর তদন্তে বেরিয়ে আসে চাপ ও প্রলোভন দিয়ে ভবঘুরে জজ মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল।

মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডির তৎকালীন তিন কর্মকর্তাকে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে। এরা হলেন- আব্দুর রশিদ, রুহুল আমিন, মুন্সী আতিকুর রহমান।

সেইসঙ্গে মামলা থেকে অব্যাহতি পাওয়া জজ মিয়া এবং তার মা ও বোনকে করা হয় সাক্ষী। জজ মিয়া গত ৩০ সেপ্টেম্বর সাক্ষ্য দিলে তা নিয়ে আপত্তি তোলে আসামি পক্ষ।

এক সময়ের আসামি জজ মিয়ার সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দি বাতিল করতে সেদিনই আবেদন করেছিলেন আসামি উজ্জ্বল মিয়ার আইনজীবীরা।

তবে শুনানি শেষে সেই আবেদন বিচারক একদিন আগে খারিজ করে দিলে তা নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা উষ্মা প্রকাশ করেন।

সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার জজ মিয়াকে আসামি পক্ষের জেরার দিন নির্ধারিত ছিল। কিন্তু উজ্জ্বল মিয়ার আইনজীবীরা তাদের আবেদন বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন জানিয়ে জেরা করতে রাজি হননি।

সাবেক তিন তদন্ত কর্মকর্তার আইনজীবী আবদুস সোবহান তরফদারও রাষ্ট্রপক্ষে দেওয়া জজ মিয়ার সাক্ষ্য আইনসম্মত হয়নি দাবি করে হাই কোর্টে যাবেন বলে জজ মিয়াকে জেরা করতে অস্বীকৃতি জানান।

এরপর অন্য আসামিদের আইনজীবীরা তিন সিআইডি কর্মকর্তার কৌঁসুলিদের জেরার আগে নিজেরা জেরা করতে অসম্মতি জানান।     

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অচলাবস্থার মধ্যে বিচারক শাহেদ নূরউদ্দিন বিব্রত বোধ করে এজলাস থেকে উঠে খাসকামরায় চলে যান।

Image
বোনের সঙ্গে আদালত প্রাঙ্গণে জজ মিয়া (গত ৮ সেপ্টেম্বরের ছবি)

বোনের সঙ্গে আদালত প্রাঙ্গণে জজ মিয়া (গত ৮ সেপ্টেম্বরের ছবি)

আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জজ মিয়া আগের অভিযোগপত্রে আসামি ছিলেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে তার। আবার জজ মিয়া পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে কোনও উল্লেখ নেই সম্পূরক অভিযোগপত্রে। সে কারণে জজ মিয়া আইন অনুযায়ী এ মামলার সাক্ষী হতে পারেন না।

তবে তাদের এই আবেদন নাকচ হয়ে যায় বিচারক শাহেদ নূরউদ্দিনের আদেশে।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে জজ মিয়াকে আসামি থেকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিলে ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।

এরপর অধিকতর তদন্তে সর্বমোট ৫২ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ। তখন জজ মিয়া ও তার মা-বোনকে সাক্ষী করা হয়।

সাক্ষ্যে জজ মিয়া বলেন,বিএনপি-জামায়াত জোটের আমলে সিআইডির কয়েকজন কর্মকর্তা তাকে হুমকি দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। সাক্ষ্য দেওয়ার বিনিময়ে তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া হয়।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদও আসামি।

আওয়ামী লীগের গত আমলে অধিকতর তদন্ত শেষে আসামির তালিকায় এদের যোগ করে ৫২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

পুরনো খবর:

সাক্ষী জজ মিয়াকে নিয়ে প্রশ্ন
জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ
জজ মিয়াকে বাড়ি দেওয়ার ‘লোভও দেখানো হয়’