২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৈধ বিলবোর্ড চিহ্নিত করতে স্টিকার

চট্টগ্রাম নগরী থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের আগে বৈধগুলোকে সনাক্ত করার উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 07:31 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

এ জন্য বৈধ বিলবোর্ডগুলোতে স্টিকার লাগাবে সংশ্লিষ্ট মালিক প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার চট্টগ্রাম বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে বৈধ বিলবোর্ডগুলোতে মালিক প্রতিষ্ঠানকে স্টিকার লাগাতে বলেছি। বৈধ বিলবোর্ড চিহ্নিত হয়ে গেলে অবৈধগুলো উচ্ছেদ করা শুরু হবে।”

বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ জানান, বৈঠকে বৈধ বিলবোর্ডে প্রতিষ্ঠান ও মালিকের নাম সম্বলিত স্টিকার লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।

“করণীয় ঠিক করতে বুধবার ও আগামী সপ্তাহে আরও দুই দফা আলোচনা হবে। আমরাও বৈধ বিলবোর্ড চিহ্নিতকরণের বিষয়ে একমত। বৈধগুলো নির্ধারণ শেষে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে বলেছি।”

সম্প্রতি চট্টগ্রাম সফরকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্দর নগরীতে অবৈধ বিলবোর্ডের ছড়াছড়িতে ক্ষোভ প্রকাশ করেন।

সিটি করপোরেশনের বিলবোর্ড শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অবৈধ বিলবোর্ড সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে মন্ত্রীর মন্তব্যের পর বিলবোর্ড পরিদর্শক আবুল মনসুরকে গত বৃহস্পতিবার বদলিও করা হয়।

আগামী বুধবারের মধ্যে এই পদে নতুন নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আলী আহমদ।

চসিকের হিসাব মতে, বন্দর নগরীতে বৈধ বিলবোর্ড-ইউনিপোল ও ওভারহেডের সংখ্যা মোট ছয় হাজার ১৭০টি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ ‍সাইনবোর্ডের সংখ্যা ১১ হাজার ৬১৭টি। এর বাইরে অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৩১২টি।

গত দুই মাসে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক, কাজীর দেউড়ি মোড়, আউটার স্টেডিয়াম সংলগ্ন সড়ক, বাওয়া স্কুলের সামনের ফুটওভার ব্রিজ, জিইসি মোড় ও টাইগারপাস মোড়সহ বেশ কয়েকটি স্থানে রাতের আঁধারে প্রায় শতাধিক অবৈধ বিলবোর্ড বসানো হয়েছে।

চসিকের উচ্ছেদ প্রতিবেদন অনুসারে, ২০১০ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত চার বছরে নগরীতে মাত্র ৬২টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।