২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের পর পোশাককর্মীর ‘আত্মহত্যা’

বখাটেদের ক্রমাগত ‘উত্ত্যক্ত’-এর শিকার হয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গাতে এক পোশাককর্মী ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার দুপুরে পোশাক কর্মী কোহিনুর আক্তার (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পর ওইদিন সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার ঘর থেকে তিনলাইনের একটি চিরকুটও উদ্ধার করা হয়। 

সোমবার দুপুরে নগরীর পতেঙ্গা থানায় এ ঘটনায় ‘আত্মহত্যা প্ররোচনা’র অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন কোহিনুরের বাবা মো. শরীফ।

কোহিনুরের বাড়ি আনোয়ারা উপজেলার জুইদণ্ডীতে। তিনি গত দুই বছর ধরে নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডে পোশাক কর্মী হিসেবে কাজ করত।

কোহিনুর পতেঙ্গা থানার হাদী পাড়া এলাকার জসিম উদ্দিনের ভাড়া ঘরে কামরুন নাহার নামের একজনের সঙ্গে থাকতেন।

পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই এলাকার বাসিন্দা তিন যুবক ক্রমাগত কোহিনুরকে টেলিফোনে এবং প্রকাশ্যে উত্ত্যক্ত করত। বিষয়টি অভিভাবকদেরও জানিয়েছিল কোহিনুর।

“রোববার নিজ বাসায় কোহিনুর আত্মহত্যা করে। এ ঘটনায় মামলা হয়েছে।”

মামলার তিন আসামি হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার আবদুস সালামের ছেলে মোক্তার (২৫) ও মো. আলীর ছেলে ইকবাল (২২) এবং বটতলী এলাকার জামাল উদ্দিনের ছেলে বেলাল (২৩)।

সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি শাহবুদ্দিন বলেন, ‘‘কোহিনুরের ঘর থেকে উদ্ধার করা চিরকুটে লেখা আছে – ‘আমি মরে গেলাম। আমার মৃত্যুর জন্য ইকবাল ও বেলাল দায়ী।’’

পতেঙ্গা থানার এএসআই জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদুল আজহার ছুটিতে কোহিনুর বাড়িতে গেলে তার মোবাইলে অসংখ্য ফোন করে উত্যক্তকারীরা। তারা কোহিনুরকে বাজে প্রস্তাব দেয় এবং উত্যক্ত করে।”

তিনি জানান, রোববার সকালেও কোহিনুর তার রুমমেট কামরুন নাহারের সঙ্গে অফিসে যায়।

এএসআই জয়নাল বলেন, কামরুন নাহার বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় ফিরে ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে তিনি বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে কোহিনুর আত্মহত্যা করেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোহিনুরের পরিবারের অভিযোগ গত শুক্রবার বিকালে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট দিয়ে বাড়ি থেকে পতেঙ্গার বাসায় ফিরছিলেন তিনি।

“এসময় একটি সিএনজি অটোরিকশায় করে উত্ত্যক্তকারীরা কোহিনুরকে তুলে নিয়ে যায়। ওইদিন রাতেই নগরীর স্টেশন রোডের একটি হোটেল থেকে কোহিনুরকে আটক করে পুলিশ।“

এসআই জাকির হোসেন বলেন, পতিতাবৃত্তির অভিযোগে কোহিনুরকে আদালতে পাঠালে শনিবার জামিন নেন তিনি।

“তবে ১৫ নম্বর ঘাট এলাকায় গিয়ে তদন্ত করে শুক্রবার বিকালে কোহিনুরকে তুলে নেয়ার বিষয়টির কোনো সত্যতা পাইনি।”

কোহিনুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোহিনুরের বাবা মো. শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।