চট্টগ্রাম ও চাঁদপুরে ১১ মণ ইলিশ জব্দ, চার জন আটক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি হাটে ও চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ১১ মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, শুক্রবার রাতে উপজেলার ঈশান মাঝির হাট এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর এ অভিযান চালায় বলে জানান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাছ শিকারী ও বিক্রেতারা অভিযান দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
“জব্দ করা মাছগুলো কোস্টগার্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শনিবার দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে।”
ফাইল ছবি
এদিকে শনিবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় মেঘনা থেকে ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় চার জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, মেঘনার মোহনা, হরিনা ফেরিঘাট, মোহনপুর, বহরিয়া, আকনঘাট, লগিমারারচর, রাজরাজেশ্বর ও হাইমচর এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারকালে চার জেলেসহ জাল ও ইলিশ আটক করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর জারি করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়ে সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
