টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে লম্বা জট, যাত্রীদের ভোগান্তি
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপে বঙ্গবন্ধু সেতু পেরিয়ে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
শনিবার ভোর থেকে ওই সড়কে যানজট কমে এলেও এলেঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে খুব ধীরে যান চলাচল করছে।
এতে উত্তরাঞ্চল থেকে রাজধানীতে ফেরা মানুষরা দুর্ভোগ পোহাচ্ছেন।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল, মাঝে মাঝে পুরনো যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় যানজট হচ্ছে।
আন্তঃজেলা রুটে চলাচলকারী পুরোনো যানবাহনগুলোও এই সড়কে চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
