শার্শায় ট্রাক চাপায় ২ জন নিহত
যশোরের শার্শা উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন বেনাপোলের দৌলতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোটরসাইকের চালক রিপন হোসেন (২৬) ও আরোহী রংপুরের মিঠাপুকুরের গোলাম রসুলের ছেলে মেহেদি হাসান (২৮)।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় নাভারন বাজার থেকে মোটরসাইকেলে করে ওরা দুজন বাগআচড়ার দিকে যাচ্ছিলেন।
খাজুরা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনাসামনি একটি নসিমন এসে পড়ে। তখন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
ওই সময় নাভারন থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্ট- ১৬-৭৮০১) ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আব্দুর রহিম আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
