২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় নয়াকান্দিতে দুদল গ্রামবাসীর সংর্ঘষে এক যুবকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রাসেল শেখের (১৭) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম  জানান, আধিপত্য বিস্তার নিয়ে নয়াকান্দি গ্রামে আলমগীর মোল্লা ও মাজেদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সন্ধ্যায় আলমগীর মোল্লার সমর্থক এবাদুল শেখকে নিজেদের দলে নেওয়ার জন্য মাজেদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এবাদুল শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।

এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপে সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে রাসেল শেখসহ ২০ জন আহত হন। রাতে রাসেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।