খুলনায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
খুলনা মহানগরীতে বাসের ধাকায় একটি ইজিবাইকের চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
খালিশপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে খালিশপুর থানাধীন নয়াবাটী এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক বাবুল হোসেন (৩৮), ইজিবাইকের যাত্রী আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান (৫৫), আড়ংঘাটা দক্ষিণ পাড়ার প্রয়াত আদম গাজীর ছেলে আজিজ গাজী (৫০) ও একই এলাকার শহীদ (৫৫)।
ওসি কামরুজ্জামান জানান, খুলনা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের বিআরটিসি বাসটি ঢাকা যাচ্ছিল। অপরদিকে ব্যটারি চালিত ইজিবাইকটি খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে খুলনা যাচ্ছিল।
ঢাকা-খুলনা মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে বাসটির সঙ্গে বিপরীতমুখী ইজিবাইকটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে ওই চারজন নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি কামরুজ্জামান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গৌতম মুখার্জ্জী জানান, শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
