২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘণ্টা পরও রয়ে গেছে কোরবানির বর্জ্য

ঈদ-উল আজহার তিন দিন পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য এখনো সরাতে পারেনি ঢাকার দুই সিটি কর্পোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 11:22 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

৪৮ ঘণ্টায় বর্জ্য সরাবে ডিসিসি
ঈদের দ্বিতীয় দিনেও জবাই, নতুন বর্জ্য

সোমবার সকালে দেশজুড়ে ঈদের জামাতের পর ধর্মীয় প্রথা অনুযায়ী পশু জবাই করে মুসলিমরা। নিয়ম অনুযায়ী, ঈদ জামাদের দিনসহ পরবর্তী দেড় দিন পশু কোরবানি করা যায়।

ঈদের দিন দুপুর ২টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে কোরবানির পশুর বর্জ্য সরানোর ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

সেই লক্ষ্য নিয়ে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে ঈদের সকাল থেকেই প্রায় ১৩ হাজার কর্মী ময়লার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠে নামে।

কিন্তু ৭২ ঘণ্টা পরেও বৃহস্পতিবার দুপুরে দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে কোথাও কোথাও দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সরানোর কাজ করছেন। আবার কোথাও সড়কের পাশে পড়ে থাকা স্তূপ করা পশুর বর্জ্যের উৎকট গন্ধ ছড়াচ্ছে।

ডিসিসির ঈদ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান নিয়ে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কথা বলতে চেয়েছিল ডিসিসি দক্ষিণের প্রশাসক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডিসিসি উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার সঙ্গে। কিন্তু বার বার ফোন করা হলেও তারা কলটি কেটে দিচ্ছিলেন।

ঘোষিত সময়সীমা শেষ হওয়ার দুঘণ্টা পর বুধবার বিকালে ডিসিসি উত্তরের অধীনে থাকা মহাখালী, বনানী, কাকলী, উত্তরা ও মিরপুরের বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।

এর মধ্যে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় গিয়ে জমে থাকা কোরবানির পশুর বর্জ্যের উৎকট গন্ধ টের পাওয়া যায়। আশপাশের মানুষদের নাকচাপা দিয়ে চলাচল করতে দেখা যায়।

মিরপুর ১৩ নম্বর সেকশেনের গলির মোড়গুলোতে ছোট ছোট বর্জ্যের ঢিবি দেখা যায়। উত্তরার ১১ নম্বর সেক্টরে ময়লার সরানোর কাজ চলছিল ঢিমে তালে।

কাকলী ও উত্তরার ১৩ নম্বর সেক্টরের পরিত্যক্ত পশুর হাটের ব্যবহৃত বাঁশ এখনো সরানো হয়নি।

বৃহস্পতিবার সকালে ডিসিসি দক্ষিণের আওতায় থাকা মিটফোর্ড, জিন্দাবাহার, জনসন রোড, বাংলাবাজার, পাটুয়াটুলী, সদরঘাট, জুরাইন, গেন্ডারিয়া, ধোলাইখাল ও সূত্রাপুর ঘুরেও দেখা যায় অপরিচ্ছন্ন চিত্র। এই এলাকাগুলোর বড় রাস্তা ছাড়িয়ে সরু গলির ভেতরে দায়সারা কাজের চিহ্ন চোখে পড়ে।

জিন্দাবাহার লেনের সরু গলির ভেতর দেখা গেল বস্তাবন্দি পশুর বর্জ্য। একটু দূরে মিশনারিজ অব চ্যারিটির সামনের রাস্তায় পড়ে ছিল চাপ চাপ রক্ত; কাছের খোলা ম্যানহোল থেকে আসছিল বর্জ্যের দুর্গন্ধ।

২৮ জিন্দাবাহার লেনের মরো সেমিনারির সামনের ডাস্টবিনে দেখা মিলল জমে থাকা বর্জ্য আর কোরবানিতে ব্যবহৃত চাটাইয়ের।

ধোলাইখালের রাস্তায়ও পড়ে ছিল বর্জ্য। আর রাস্তার পাশে জমিয়ে রাখা বর্জ্যের স্তূপ কোরবানির ৩ দিন পরও  পড়ে থাকতে দেখা যায়।