যুক্তরাজ্যের জঙ্গি গোষ্ঠীর অর্থের অনুসন্ধান ঢাকায়ও
যুক্তরাজ্যে জঙ্গির তালিকায় থাকা বাংলাদেশি এক ব্যক্তির অর্থের খোঁজ চলছে ঢাকায়ও।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, আমিন রুহুল নামে ওই ব্রিটিশ বাংলাদেশির কোনো ব্যাংক হিসাব থাকলে তার তথ্য দিতে হবে।
যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ২৫ বছর বয়সী আমিনকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে লন্ডন। যুক্তরাজ্য পুলিশ বলছে, ইরাকের ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, আমিন যুক্তরাজ্যে সন্ত্রাসী আক্রমণের ষড়যন্ত্র বা এ ষড়যন্ত্র বাস্তবায়নে অর্থ জোগানে সক্রিয় রয়েছেন।
আমিন আরও দুটি নাম ব্যবহার করতে পারে বলে মনে করা হয়; সেই দুটি নাম হচ্ছে আমিন আব্দুল রাকিব ও বারা আল হিন্দি। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে এই নাম দুটিও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “আমিন রুহুলের নামে অতীতে কিংবা বর্তমানে কোনও হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সব হিসাবের যাবতীয় তথ্যাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।”
বিএফআইইউ সাধারণত মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সন্দেহজনক লেনদেনের তথ্য নিয়ে কাজ করে। এছাড়া সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তের স্বার্থেও অনেক সময় ব্যাংক হিসাবের তথ্য চেয়ে থাকে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী আমিনের বাড়ি মৌলভীবাজার জেলায়। তার জন্ম ১৯৮৯ সালে। যুক্তরাজ্যে তার ঠিকানা আবেরডিন, স্কটল্যান্ড, যুক্তরাজ্য।
ব্রিটিশ সরকারের ট্রেজারি বিভাগ ইতোমধ্যে আমিনের সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করেছে। এজন্য গত জুলাইয়ে ব্রিটিশ সরকারের ট্রেজারি বিভাগ সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক আইনও সংশোধন করে।
‘টেররিস্ট অ্যাসেট ফ্রিজিং-এ্যাক্ট-২০১০’ এ সংশোধন আনার পর যুক্তরাজ্যের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, আমিনের নামে কোনও হিসাব, তহবিল বা অর্থনৈতিক সম্পদ থাকলে তা জব্দ করতে হবে।
