চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছেন, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার ইলিয়াস মিয়ার ছেলে সুমন আলী (৩২) এবং লাগাতপাড়া মহল্লার আল-আমিনের ছেলে মেহেদী হাসান (২৫)।
বুধবার বিকালে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র সুবেদার শামসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোনামসজিদ সংলগ্ন দারাস মসজিদ এলাকায় অভিযান চালায়। এসময় তারা জানতে পারে, শিবগঞ্জ সদর থেকে দুই ব্যক্তি অস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছে।
“টহল দলের উপস্থিতি দেখে স্থানীয়রা সুমন ও মেহেদীকে আটক করার চেষ্টা করলে তারা এক রাউন্ড গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় সুমন ও মেহেদীকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে বিজিবি।”
আটকদের পিস্তল, গুলি, খালি খোসা ও ম্যাগাজিনসহ শিবগঞ্জ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা মিজান।
