২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত

রংপুরের পীরগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটির এক শিক্ষার্থীও রয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উজিরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনার পর মোটরসাইকেলে আগুন ধরে যায়।

নিহতরা হলেন উপজেলার খেজমতপুর তালুকদার পাড়ার হাফিজার রহমান তালুকদারের ছেলে এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী রোমান তালুকদার, তার ছোট বোন একাদশ শ্রেণির ছাত্রী তন্নী আক্তার এবং তাদের নানা আব্দুল মান্নান (৬০)।

রোমান চলতি বছর এমবিএ পরীক্ষা দিয়েছিলেন, এখনও ফল হয়নি। তন্নী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল বলে রোমানের প্রতিবেশী আবু বক্কর জানান। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার মোজাফফরপুর গ্রামে নানার বাড়ি থেকে রোমান তার বোন ও নানাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি তালুকদার পাড়া ফিরছিলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উজিরপুর পৌঁছলে ঢাকা থেকে রংপুরগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৪-১৭০২) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলটি বাসের নীচে ঢুকে গেলে তাতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান রোমান ও মান্নান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তন্নী আক্তার।

এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি ইসরাইল।