২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড

এক কিশোরী গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 02:40 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম বুধবার আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আবদুর রহিম ঘটনার পর থেকেই পলাতক। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর গ্রামের গোলাম সোবহানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিনা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রহিম ১৯৯৯ সালের ২৪ মার্চ ১৬ বছর বয়সী ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও পরে হত্যা করে।

ঘটনার কিছুদিন আগে পশ্চিম সাধনপুরের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। রহিমের বাবা গোলাম সোবহান ওই বিয়েতে কিশোরীর উকিল বাবা ছিলেন বলে জেসমিনা সুলতানা জানান।

হত্যাকাণ্ডের পরদিন নিহত কিশোরীর মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৯৯৯ সালের ৪ নভেম্বর অভিযোগপত্র দিলে ২০০১ সালের ২৫ মার্চ আদালত আবদুর রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষে নয় জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত বুধবার রায় ঘোষণা করে।