সিলেটে দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত ৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তার পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন, আহত হন অন্তত চারজন।
দক্ষিণ সুরমা থানার ওসি মোরসালীন আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশীদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অগ্রণী ব্যাংক ঢাকা প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল আফসার (৪৮), তার স্ত্রী উম্মে কুলসুমা (৩৮), তাদের মেয়ে মুনতাহিনা ইসলাম (১৪) এবং মাইক্রোবাস চালক পলাশ আহমাদ (৩৭)।
আহতদের একজন হলো নুরুল আফসারের মেয়ে ফাতেমা বেগম (১০)। বাকিদের নাম জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোরসারিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে নুরুল আফসার ও পলাশ আহমাদ ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মা ও মেয়ের।
