২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত বন্ধ হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর এলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 12:04 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত বন্ধের ওই প্রতিবেদন নজরে আসার পর বাংলাদেশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজ নিয়ে কোনো সত্যতা পাননি।   

“ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা তারা দেননি।”

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে ওই বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন, যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর গ্রেপ্তার দুই নারীর একজন নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, তারা গত তিন মাসে চার দফা বাহকের মাধ্যমে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন। ওই দিনও বাংলাদেশে পাঠানোর জন্য বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ ঘটে।

এরপর সোমবার কলকাতায় পুলিশের মহাপরিচালক জিএমপি রেড্ডি ও বিশেষ মহাপরিদর্শক (সিআইডি) দময়ন্তী সেনের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গের সীমান্তগুলোতে কঠোর সতর্কতা জারির সিদ্ধান্ত হয়।

এ খবর দিতে গিয়ে ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমগুলো ‘বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডার হ্যাজ বিন সিলড’ লেখায় বিভ্রান্তির সৃষ্টি হয়, যার ব্যাখ্যা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি।  

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনের মধ্যে শাকিল আহমেদ বাংলাদেশি নাগরিক, যিনি সীমান্ত পেরিয়ে নদীয়া জেলায় ঢুকে ভারতের ভোটার আইডি যোগাড় করে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন বলে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন।

তবে এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কিছু জানানো হয়নি।  

পুরনো খবর:

জঙ্গি তৎপরতা: ‘তথ্য চাইবে’ ভারত