২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বটগাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর নগরীতে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 03:09 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

নিহত প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক খন্দকার (৩২) কুড়িগ্রাম পৌরসভার খন্দকারপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম খন্দকারের ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর সাতমাথা রথবাড়ি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল নূর আলম।

প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে নিহতের চাচাতো ভাই ও প্রধানমন্ত্রীর দপ্তরের এসবি সেলে কর্মরত পুলিশের এসআই জিয়াউল হক খন্দকার বলেন, “সকালে আবু বক্কর কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল করে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে রংপুর যাচ্ছিলেন।

“রথবাড়ি এলাকায় অপর একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

গত বছর ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে পাস করার পর বক্কর মাস দুয়েক আগে বিয়ে করেছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এসআই জিয়াউল।