ন্যাপ নেতা আব্দুল মোমেন ভুঁইয়ার জীবনাবসান
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর)-এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি আব্দুল মোমেন ভুঁইয়া মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ৭৮ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ন্যাপের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ নাজির।
তিনি জানান, আব্দুল মোমেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আব্দুল মোমেন ভুঁইয়ার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের হিংগুলা গ্রামে। তিনি নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন।
আলী আহমদ নাজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীর লালখান বাজারের চাঁনমারি সড়কে দুপুরে তার প্রথম নামাজে জানাজা হবে। বিকালে চৌদ্দগ্রামের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোমেন ষাটের দশকে ন্যাপ নেতা মোজাফফর আহমদের সংস্পর্শে আসেন। ষাটের দশকের সব আন্দোলনের সক্রিয় এই নেতা মুক্তিযুদ্ধে অংশ নেন।
পরবর্তীতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনেও অংশ নেন তিনি।
চট্টগ্রাম ১৪ দলের অন্যতম সংগঠকও ছিলেন তিনি।
আব্দুল মোমেন ভুঁইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ন্যাপের সভাপতি মোজাফফর আহমেদ ও সাধারণ সম্পাদক এনামুল হক।
নগরীর লালখান বাজারের বাসায় গিয়ে ন্যাপ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বদিউল আলম, ন্যাপ নেতা সৈয়দ এনায়েতুর রহমান, সন্তোষ চৌধুরী, আলী আহমদ নাজির, নিপুল দাশগুপ্ত, শিব প্রসাদ, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, জাসদ নেতা আবুল হাসেম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুগতা বড়–য়া প্রমুখ।
