‘আমাগো আবার ঈদ’
“কাজ নাই তিন মাস, বাসা ভাড়া বাকি; স্বামী অসুস্থ, ডাক্তার দেখানোরও টাকা নাই। মেয়ের ফরম ফিলাপের টাকা ক্যামনে দিমু জানি না। আমাগো আবার ঈদ!”
সোমবার দুপুরে সারা দেশে যখন কোরবানি ঈদের আনন্দ চলছে, তখন এভাবেই নিজের অবস্থা জানালেন তোবা গ্রুপের কর্মী আম্বিয়া খাতুন।
তোবা গ্রুপের পাঁচটি কারখানা তিন মাস ধরে বন্ধ থাকায় আম্বিয়ার মতোই দুর্দশায় দিন কাটাচ্ছেন প্রায় দেড় হাজার শ্রমিক।
আন্দোলন-অনশন করে গত রোজার ঈদের আগে তিন মাসের বকেয়া আর ঈদ বোনাস আদায় করতে পারলেও তোবা মালিক দেলোয়ার হোসেন অর্থাভাবের কথা বলে কারখানা বন্ধ করে রেখেছেন তার পর থেকেই। আর আন্দোলন করার ‘অপরাধে’ অন্য কোথাও কাজ জোটাতে পারছেন না তোবা শ্রমিকরা।
রাজধানীর উত্তর বাড্ডায় তোবা গ্রুপের কারখানা ভবনের বিপরীত দিকের গলি ধরে কিছুদূর হাঁটলে একটুখানি ফাঁকা যায়গা। তার পাশ ঘেঁষে একসারি টিনের ঘর, সেখানেই কথা হয় আম্বিয়ার সঙ্গে।
তিনি জানান, তার স্বামী সুরুজ মিয়া আগে মিস্ত্রির কাজ করলেও গত কয়েক মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তাদের মেয়ে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। স্বামীর চিকিৎসা আর মেয়ের লেখাপড়া- দুটোই অনিশ্চিত হয়ে পড়েছে টাকার অভাবে।
ঈদে কি রান্না করেছেন জানতে চাইলে আম্বিয়া বলেন, “একটু সেমাই রানছি। বাড়িঅলা কোরবানি দিছে, যদি মাংস দেয় তাইলে রানমু।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কষ্ট কইরা চলি। বাচ্চা দুইটা কান্দে, তাই একটা মুরগি কিনছি। ঈদের বাজার বলতে এই।”
শিউলি জানান, তোবা গ্রুপের একটি কারখানায় অপারেটরের কাজ করতেন তিনি। বেতন-ওভার টাইম মিলিয়ে প্রতি মাসে আয় হতো সাত হাজার টাকার মতো। স্বামী কাজ করেন এক ডিমের আড়তে। বেতন মাসে ১২ হাজার টাকা।
“আমার কাজ তো বন্ধ। একজনের আয়ে সংসার চালতে চায় না। দুই ছেলেরে নিয়া কষ্টে আছি। এই বছর পোলা দুইডারে দুইডা জামাও কিন্যা দিতে পারি নাই।”
শিউলি জানালেন, তোবা মালিক কারখানা না খোলায় তিনি কাজ খুঁজতে অন্য গার্মেন্টে গিয়েছিলেন। কিন্তু তোবায় কাজ করতেন শুনে সেখানে আর চাকরি হয়নি।
“যেই শোনে আমি তোবা গার্মেন্টে কাম করতাম, ওমনি মালিকের লোকজন কয়- তোমরা তো খালি আন্দোলন কর। এইহানে কাম অইব না।”
শিউলির ঘরের পাশে সার বেঁধে আরো অনেকগুলো ঘর, বেশির ভাগই তালাবন্ধ।
শিউলি জানালেন, এসব ঘরের অনেকেই তোবা গ্রুপের বিভিন্ন কারখানায় কাজ করতেন। ভাড়া দিতে না পেরে তাদের ঘর ছেড়ে দিতে হয়েছে।
কাছাকাছি আরেকটি টিনশেড ঘরে নিজের মামাতো বোন রোজিনার সঙ্গে থাকেন তোবা গ্রুপের আরেক শ্রমিক সেলিনা খাতুন। সেলিনার মা গত ৪ বছর ধরে শয্যাশায়ী; থাকেন মাদারীপুরে সেলিনার মামার কাছে।
প্রতিবার ঈদের ছুটিতে সেলিনা মাকে দেখতে গেলেও এ বছর এক ঈদেও যাওয়া হয়নি।
“রোজার ঈদ কাটাইছি রাস্তায়। দুই মাসের বাসা ভাড়া বাকি পড়ছিল, তখন যে টেকা পাইছিলাম ওইটা ভাড়া দিয়াই শেষ।”
সেলিনা জানান, তার মামতো বোন রোজিনাও তোবায় কাজ করতেন। গত মাসে অন্য এক কারখানায় কাজ নিলেও এক সপ্তাহের মাথায় তার চাকরি চলে যায়।
তোবা গ্রুপের আরেক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় গত বছর থেকে কারাগারে ছিলেন দেলোয়ার। শ্রমিকদের বকেয়া পরিশোধের শর্তে গত অগাস্টে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে তোবা গ্রুপ সংগ্রাম কমিটির ব্যানারে আন্দোলন চললেও দেলোয়ার তাতে সাড়া দেননি। সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বকেয়া বেতনের দাবিতে ঈদের আগের দিন শনিবারও বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেন তোবা শ্রমিকরা। তবে দেলোয়ার শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আসতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে টাকা নেই। ভেবেছিলাম তাজরীনের বীমার টাকা পেলে বকেয়া শোধ করে দেব। কিন্তু সেটা কবে পাব তার কোনো নিশ্চয়তা নেই।”
এখন কী করবেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এমন প্রশ্নে তোবা কারখানার শ্রমিক রিনা বেগম বলেন, “সামনের ১৫ তারিখ আমাগো মিটিং (তোবা শ্রমিক সংগ্রাম কমিটির সমাবেশ) আছে। দেখি ওইখানে কী হয়।”
