লালমনিরহাটে ২ মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাট সদরে দুর্ঘটনায় পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হন তাদের চার সঙ্গী।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ি জুড়াবান্ধায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর নগরীর বালাটারী এলাকার প্রয়াত জজ মিয়ার ছেলে মনির হোসেন (২২) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার গ্রামের রমজান আলীর ছেলে সামিউল ইসলাম পলাশ (২২।
আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান জানান, আহতদের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা শঙ্কটাপন্ন। রাত ৭টায় তাকে ভর্তি করা হয়, রাত সাড়ে ১০টায়ও তার জ্ঞান ফেরেনি।
“সন্ধ্যায় খবর পাই বড়বাড়িতে মনির দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালে আনার পথে মনির মারা যায়,” বলেন দুলাল মিয়া।
লালমনিরহাট সদর থানার ওসি এম এইচ এম মাহফুজার রহমান জানান, পলাশ ঘটনাস্থলে এবং মনির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি জানান, সড়কের পাশ থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পাশাপাশি ধাক্কা খেয়ে তারা সড়কে ছিটকে পড়েন।
