ঝালকাঠির মেয়রের অব্যাহতির আদেশ স্থগিত
ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতির আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।
আফজাল হোসেনের এক রিট আবেদনের শুনানি করে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম শাহিদুল হকের অবকাশকালীন বেঞ্চ ছয় মাসের এই স্থগিতাদেশ দেয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বাইরে বিচারকের বাসায় এই আদালত বসে।
গত ১ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক নোটিশে আফজালকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন তিনি।
শুনানির পর আদালত ওই নোটিশের কার্যক্রম ‘কেন অবৈধ ঘোষণা করা হবে না’- তা জানতে চেয়ে রুল জারি করে।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
শহরের বিভিন্ন সরকারি বিভাগের গাছ কেটে বিক্রি, ব্যাটারি চালিত রিকশার অনুমোদন দেয়া এবং শহরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে অনিয়মসহ পৌর কাউন্সিলদের বিভিন্ন অভিযোগে মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছিল।
পাশাপাশি বরখাস্তের চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে পৌরসভার দায়িত্বভার প্যানেল মেয়র-১ কে বুঝিয়ে দেয়ারও নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।
ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
