২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্যাগের মহিমায় সাম্যের সমাজ গড়ার আহ্বান

কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 02:35 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

ঈদের আগের দিন রোববার গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা বাণীতে তারা কোরবানির ত্যাগের মহিমায় দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

রাষ্ট্রপতির বাণী

ঈদে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বাণীতে তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালবাসার এক অনুপম নিদর্শন। পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি-সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব।

“এজন্য প্রয়োজন জাতিতে জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতাসহ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা। ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষা দেয়।”

ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।”

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

“এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন। সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।”

সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।