মাঝারি আকারের গরুর বিক্রি বেশি
কৃত্রিম উপায়ে গরু মোটা করার নানা খবরের প্রেক্ষাপটে এবার রাজধানীর কোরবানির হাটগুলোতে মাঝারি আকারের গরুর কদর বেশি দেখা যাচ্ছে।
ঈদের দুদিন আগে শনিবার কয়েকটি পশুর হাট ঘুরে জমজমাট কেনা-বেচা দেখা যায়। তবে অনেক বিক্রেতাই দাম ছাড়ছেন না; আশায় আছেন শেষ দিনের জন্য।
গাবতলী, আগারগাঁও, শ্যামপুরের হাট ঘুরে মাঝারি আকারের গরুর সংখ্যাই দেখা যায়, ক্রেতাদের নজরও এদিকে। এসব গরুর দাম ৩০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে।
বড় আকারের কিছু গরু থাকলে সেদিকে কম ক্রেতাই ভিড়ছেন। আর ভিড়লেও দাম জিজ্ঞাসা করেই সরে পড়তে দেখা যাচ্ছে।
গাবতলী গরুর হাটে মুন্সি বেপারী পাঁচটি বড় গরু এনেছিলেন গত ২৯ সেপ্টেম্বর পাবনা থেকে। হাটের মধ্যে ফ্যান রেখে বাতাসও দিচ্ছেন এ কয়দিন। শনিবার পর্যন্ত পাঁচ দিনে দুটি গরু বিক্রি করতে পারছেন তিনি।
মুন্সি বেপারীর অনুযোগ, নিয়ম মেনেই গরু মোটা-তাজা করেছেন তিনি, কিন্তু তা বুঝিয়েও ক্রেতাদের সন্দেহ দূর করতে পারছেন না তিনি।
হাটে ত্রিপল টানিয়ে বেশ কয়েকটি মোটাসোটা গরু রাখা হয়েছে, যার উপরে একটি ব্যানারে খেলা আছে- ‘অত্যন্ত যত্নসহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে অর্গানিক উপায়ে গরু মোটা তাজা করা হয়। কোনও প্রকার হরমোন ইনজেকশন কিংবা স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার করা হয় না’।
পাশেই আরেকটি ব্যানার ‘আপনি কি অর্গানিক গরু ক্রয় করতে চান ? ? ? আমরা কোনও প্রকার হরমোন, ইনজেকশন কিংবা স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার করি না। গরু মোটা তাজা করা হয় সম্পূর্ণ অর্গানিক উপায়ে। কোনও প্রকার অবৈধ ট্যাবলেট কিংবা ইনজেকশন ব্যবহারে প্রমাণ করতে পারলে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পুরস্কার প্রদান করা হবে’।
আগারগাঁও হাটে এমন কোনও ব্যানার দেখা যায়নি। বড় গরুও তেমন চোখে পড়েনি। মাঝারি আর ছোট গরুই বেশি।
আগারগাঁও হাটে আলাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বৃহস্পতিবার ১২টি মাঝারি গরু এনেছিলেন। শনিবার দুপুরের মধ্যে তার ১০টি বিক্রি হয়ে যায়। এসব মাঝারি গরুর দাম ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
মোহাম্মদপুরের সালাউদ্দিন গাবতলী থেকে যে গরু ৩৬ হাজার টাকায় কিনেছেন প্রায় একই ধরনের গরু ৩০ হাজার টাকায় আগারগাঁও থেকে কিনে নিয়ে গেলেন শাহীনবাগের বকুল।
বকুলের ছেলে আলমাস ও মামুনকে পুরাতন বিমানবন্দরে পাশ দিয়ে হওয়া নতুন রাস্তা দিয়ে গরু দাবড়িয়ে নিয়ে যেতে দেখা যায়। ঘামে ভেজা শরীর নিয়েই তারা হেসে বললেন, দামে তারা খুশি।
আগারগাঁওয়ের হাটের গরু বেপারী মো. হারুণ বলেন, কেনা-বেচা খারাপ হচ্ছে না। লাভ মোটামুটি।
ঝিগাতলা হাজারীবাগ মাঠের পশুর হাটের ইজারাদারের সহযোগী বেলায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার সবাই মাঝারি এবং ছোট গরু চাইছে। সেগুলোর বিক্রিই বেশি।”
একই কথা জানালেন শ্যামপুর বালুর মাঠের ইজারাদার ওমর ফারুক। তিনি বলেন, হাটভর্তি গরু। তার অধিকাংশই মাঝারি আর ছোট। এগুলোর চাহিদা বেশি।
গরুর পাশপাশি ছাগলের কেনাবেচা এসব হাটে হলেও তা খুব কম। ছাগল মূলত বিক্রি হচ্ছে রাস্তার ধারে বা বিভিন্ন অলি গলিতে।
সংসদ ভবনের সামনে অন্তত ৩০টি ছাগল নিয়ে চারজনকে কেনাবেচা করতে দেখা যায়। এই চারজনের প্রত্যেকের সমান শেয়ার আছে।
তাদের একজন হালিম জানালেন, বিক্রি ভাল হচ্ছে। তবে স্থায়ীভাবে এক জায়গায় হচ্ছে না। পুলিশ তাড়া দিচ্ছে।
এসব ছাগল তারা মুন্সীগঞ্জ থেকে এনেছে। ৫০টির মতো এনেছিলেন, ২০টি বিক্রি হয়ে গেছে।
তবে এই ছাগল বিক্রেতারা টাকা সঙ্গে রাখছেন না। হালিম জানান, বিক্রির সঙ্গে সঙ্গে তারা টাকা বিকাশের মাধ্যমে এলাকায় পরিচিত জনের কাছে পাঠিয়ে দিচ্ছেন।
হাটের বাইরেও গরু
হাতে চাকু, অবৈধ স্থানে কেনা-বেচার সময় গরুর দড়ি কেটে দেওয়ার হুমকি দেখাচ্ছে পুলিশ। কারো কারো দড়ি কেটেও দেওয়া হচ্ছে। কাউকে দড়ি কাটার ভয় দেখিয়ে দাবড়িয়ে এলাকা ছাড়া করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যার আগে এই দৃশ্যটি রাজধানীর আদাবর এলাকার। এভাবেই নির্ধারিত হাটের বাইরে এলাকাভিত্তিক কোরবানির গরু কেনাবেচার বন্ধ করতে পুলিশকে তৎপর দেখা গেছে।
আদাবরের মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসার উদ্দেশ্যে তিনি ১৫টি গরু দিনাজপুর থেকে এনে তার খোলা প্লটে রেখেছেন। কিন্তু পুলিশের এক সদস্য নিজের কাছ থাকা চাকু বের করে এসব গরুর দড়ি কেটে দিতে চাইছিল।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম চাকুর বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার যানচলাচল নির্বিঘ্ন, ময়লা আবর্জনা রোধ এবং সর্ব্বোপরি এলাকার জানমালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন পুলিশ তাই করছে।
অবৈধভাবে কোনো পশুর হাট বসতে না দেওয়ার কথা কর্তৃপক্ষ বলে এলেও তা বাস্তবায়ন করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। আবার নির্ধারিত সীমানা ছাড়িয়ে সড়কের ওপরও বিস্তার ঘটছে হাটের, যা-ও অবৈধ।
পলাশীর মোড়ে বসেছে অবৈধ ছাগলের হাট। তাড়াবার কেউ নাই। পুলিশ এসে ঘুরে যাচ্ছে। পথচারী ছাড়া কারো কোনও অভিযোগ নেই।
শামীম নামে এক পথচারী বলেন, হাটের নেপথ্যে প্রভাবশালীরা থাকায় পুলিশকে বলেও কোনও সুরাহা পাওয়া যায়নি।
একইভাবে আগারগাঁওয়ের গরুর হাট মিরপুর তালতলা বাস স্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা যায়। শতশত গরু রাস্তা এবং আশেপাশের গলিতে দাঁড় করিয়ে বিক্রি করতে দেখা যাচ্ছে।
শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল মমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আর সামাল দেওয়ার মতো অবস্থা নেই। অসংখ্য গরু, কাকে তাড়াব, কাকে রাখব। তবে চেষ্টা করছি ঠেকাতে।”
হাটের ইজারাদার এসএম জাহিদ বলেন, “ভাই, হাট আর নির্দিষ্ট জায়গায় নেই। গরু আর গরু। নির্দিষ্ট জায়গায় হাসিল নিয়ে কুলাতে পারছি না। তালতলায় কিভাবে হাসিল নেব।”
কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকার পশুর হাটের ইজারাদার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুচরা বেপারীরা গরু হাটে না এনে বেশি লাভের আশায় বাসা বাড়ির সামনে, অলিগলিতে নিয়ে যায়।
শ্যামপুর বালুর মাঠের ইজারাদার ওমর ফারুকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই কথা বলেন।
কদমতলী মীরাজনগরে এক ব্যক্তিকে ১০/১২টি গরু নিয়ে বসতে দেখে পুলিশ তাকে সরিয়ে দেয়। এরপরও কদমতলী বটতলায় কিছু কিছু বেপারীকে ছাগল রেখে কেনা-বেচা করতে দেখা যায়।
পুলিশ কর্মকর্তারা বলছেন, হাটের বাইরে যেন গরু-ছাগল নিয়ে কেউ না বসে, সেদিকে তারা নজর রাখছেন। পাশাপাশি সবাইকে সচেতন করতে মাইকিংও হচ্ছে।
