২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির আগে চট্টগ্রামে মারা যাচ্ছে গরু

কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাজারগুলোতে গত তিন দিনে বেশ কয়েকটি গরু মারা গেছে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:51 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

মোটা গরু দেখে ‘ভুলবেন না’
মোটাতাজাকরণ: বিশেষজ্ঞ কমিটি করার নির্দেশ
চাহিদার অর্ধেক গরুই আসে ভারত থেকে

সরকারি কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত খাবার ও ভ্রমণজনিত ক্লান্তির কারণে মারা যাচ্ছে এসব পশু।

শনিবার নগরীর সাগরিকা গরুর বাজারে চারটি গরু মারা গেছে বলে জানিয়েছে জেলার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন।

এর আগে গত শুক্র ও বৃহস্পতিবার দুয়েকটি করে গরু মারা গেছে বলে তথ্য পেয়েছেন তিনি।

হাটগুলোর ইজারা দেওয়ার কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেবে গত তিন দিনে মারা যাওয়া গরুর সংখ্যা ৩০টি।

চট্টগ্রামের সবচেয়ে বড় দুটি গরুর হাট হল সাগরিকা গরু বাজার ও বিবিরহাট গরু বাজার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়দিনে সবচেয়ে বেশি গরু মারা গেছে সাগরিকা গরু বাজারে।

“শনিবারসহ গত তিন দিনে সাগরিকা, বিবিরহাট, পাহাড়তলী ও চকবাজার এলাকা থেকে ৩০টি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গরুগুলো উদ্ধারের পর আমরা পুঁতে ফেলার ব্যবস্থা করেছি।”

মারা যাওয়া গরুগুলোর মধ্যে মাঝারি থেকে বড় আকারের গরুও আছে বলে জানান শফিকুল মন্নান।

চট্টগ্রাম জেলার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু মোটাতাজা দেখানোর জন্য অতিরিক্ত খাবার খাইয়ে নিয়ে আসে বিক্রেতারা। খাদ্য বিষক্রিয়াজনিত কারণে শনিবার চারটি গরু সাগরিকা বাজারে মারা গেছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে তিন দিনে মৃত গরুর সংখ্যা ৩০টির কম বলে দাবি ফরহাদ হোসেনের।

তিনি বলেন, অতিরিক্ত খাবার ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তিজনিত কারণে গত কয়দিনে সব মিলিয়ে ১০ থেকে ১২টি গরু মারা গেছে। স্টেরয়েড বা কোনো ধরনের রাসায়নিক প্রয়োগের ‍কারণে কোনো গরু মারা যাওয়ার প্রমাণ পাইনি।

তবে তিনি সেইসঙ্গে বলেন, “স্টেরয়েড দিয়ে থাকলেও তা বাজারে আনার ২০ দিন আগে দেয়। এখন পরীক্ষা করেও এর প্রমাণ পাওয়া কঠিন।”

শনিবার নগরীর বাজারগুলোতে প্রচুর গরু বিক্রি হয়েছে। গরু-ছাগলের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়েই মোটামুটি সন্তুষ্ট বলে তাদের সঙ্গে কথা বলে জানা যায়।