২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র-যুবলীগের বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ

সিলেটে ছাত্রলীগ-যুবলীগের বসানো অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:24 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শনিবার দুপুরে রিকাবীবাজারে সড়কের উপর বসানো এই অবৈধ হাট উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান।

দুস্থ রোগী কল্যাণ সমিতির ব্যানারে ছাত্রলীগ-যুবলীগ নেতারা এই অবৈধ পশুর হাট  বসিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রিকাবীবাজার পয়েন্ট থেকে মেডিকেল আবাসিক এলাকা পর্যন্ত ছাত্রলীগ-যুবলীগ অবৈধ পশুর হাট বসায়।

“শুক্রবার  রাতে ও আজ সকালে মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরও তারা অবৈধ হাট না সরানোয় আজ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়েছে।”

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকাল ১০টায় সিসিকের পক্ষ থেকে মহানগর পুলিশকে লিখিতভাবে অবৈধ হাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে।