২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনযাত্রায় অপেক্ষা

ঈদে বাড়ি যেতেই হবে, তাই ট্রেন এসে না পৌঁছালেও রেলস্টেশনের প্ল্যাটফর্মে অথবা ট্রেনের ভেতরে বসে অপেক্ষা চলছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:05 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

ট্রেন ধরতে আসা যাত্রীদের সঙ্গে শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাড়ায় স্টেশনে এসে টিকেট প্রত্যাশীদের ভিড়ও বাড়ছে টিকেট কাউন্টারগুলোর সামনে।

শনিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই অনিশ্চিত অপেক্ষায় বসে ছিলেন উত্তরবঙ্গের অনেক যাত্রী।

আবার শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রুটে রেল দুর্ঘটনার কারণে চট্টগ্রামের দিকে যাওয়া ট্রেনগুলোও ছাড়তে বেশ দেরি হচ্ছিল। 

সাভার থেকে আসা কাজী মুজিবুর রহমানের পরিবার যাবে ভৈরব। চাঁদপুর এক্সপ্রেসের বগিতে বসে অপেক্ষা করছেন স্ত্রী, ছেলে, মেয়ে ও তার ভাতিজার সঙ্গে।

দুপুর সোয়া ১টার সময় মুজিবুরের স্ত্রী সাদিয়া আফরিন বলেন, ট্রেন ছাড়ার কথা ছিলো ১১টায়। কিন্তু কখন ট্রেন ছাড়বে, তার কোনো ঠিক নেই।

মুজিবুর বলেন, “ঢাকা থেকে ভৈরব এক থেকে দেড় ঘণ্টার পথ। কিন্তু ঈদের সময় পথের প্রতিটা স্টেশনে অন্তত আধা ঘণ্টা করে ট্রেন থামানো হয়। রোজার ঈদেও এই ট্রেনে বাড়ি গিয়েছিলাম। বিকাল ৫টা বেজে যাবে ভৈরব পৌঁছাতে।”

তিনি জানান, অগ্রিম টিকেট দেয়ার সময়ই তাদের টিকেটগুলো কেনা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী হিমা আক্তার চট্টগ্রামের ট্রেনের অপেক্ষায় বসেছিলেন প্ল্যাটফর্মে। চট্টলা এক্সপ্রেসের টিকেটে তার ট্রেন ছাড়ার সময় দেওয়া আছে বিকাল ৩টায়।

দুপুর ১২টার সময়ই স্টেশনে কেন জানতে চাইলে হিমা বলেন, “আমি আসলে টিকেট কালেক্ট করার জন্য সকালেই চলে এসেছি। অনলাইনে অগ্রিম টিকেট কিনেছিলাম।”

রাজশাহী এক্সপ্রেসের বগিতে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলেন গাজীপুর থেকে আসা আশা আজাদ। তিনি ও তার স্বামী যাচ্ছেন পাবনায়।

আশা জানান, শনিবার সকালেই স্টেশনে এসে লোকাল ট্রেনের টিকেট করেছেন তারা। টিকেট পেতে খুব একটা সমস্যা হয়নি।

তবে সাড়ে ১১টার সময় ট্রেন ছাড়ার কথা থাকলেও আশার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে ১২টা।

শনিবার সকাল সোয়া ৬টায় কমলাপুরে পৌঁছানোর কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর‌্যন্ত পৌঁছায়নি রংপুর থেকে আসা রংপুর এক্সপ্রেস। কখন পৌঁছাবে সেটাও ‘অনির্ধারিত’ দেখাচ্ছিল প্ল্যাটফর্মের ইনফরমেশন ডিসপ্লে মনিটরে।

কমলাপুর থেকে রংপুরের উদ্দেশে রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর সোয়া ১টায়। বিকল্প ট্রেন দ্বারা সেটি ছাড়ার কথা লেখা থাকলেও সময় নির্ধারিত ছিল না।

একই অবস্থা দিনাজপুর থেকে আসা একতা এক্সপ্রেসেরও। সকাল সোয়া ৭টার গাড়ি শেষ পর্যন্ত এসে পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে। ফিরতি ট্রেনটি ছাড়ার কথা ছিলো সকাল ১০টায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম রুটের ট্রেনগুলো সময়মতো আসা ও ছাড়তে না পারার মূল কারণ শুক্রবার সীতাকুণ্ডে রেল দুর্ঘটনা।

তবে শনিবার সকাল থেকে এই রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে বলে দাবি করেন তিনি।

“কিছুটা ডিলে তো হবেই। একই লাইনে দুই ট্রেন চলার কারণে কিছুটা দেরি হয়।”

তবে উত্তরবঙ্গের ট্রেনগুলো সময়মতো আসা-যাওয়া করতে না পারার জন্য তিনি যাত্রীদেরই দুষলেন।

“কারণ যদি বলতে বলেন, তাহলে বলতে হয় জনগণ। ঈদের সময় সবাই বাড়ি যাবেই, এটাই স্বাভাবিক। প্রতিটি স্টেশনে প্রচুর সংখ্যক যাত্রী উঠা-নামা করে। তারা যেন নিরাপদে উঠা-নামা করতে পারে সেজন্য স্টেশনগুলোতে ট্রেন বেশ কিছুটা সময় থামিয়ে রাখা হয়।”

শুধু ট্রেনের জন্য নয়, অনিশ্চয়তা নিয়ে অপেক্ষায় ছিলেন অনেক টিকেট প্রত্যাশীও।

মুন্সীগঞ্জ থেকে আসা মেহেদী হাসান ব্যাগ ও মালপত্র নিয়ে টিকেট কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন বগুড়া যাওয়ার টিকেটের জন্য।

শেষ মুহূর্তে টিকেট পাবেন কি না জানতে চাইলে বলেন, “দেখি, আমরা একসঙ্গে ছয়-সাতজন আছি। যদি ট্রেনের টিকেট না পাই তাহলে বাসে যাওয়ার চেষ্টা করব।”