কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্যানেল মেয়রসহ নিহত ৩
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চান্দিনা পৌরসভার প্যানেল মেয়রসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কাবিলা এলাকায় এবং শুক্রবার গভীর রাতে চান্দিনা কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেজবাহ্ উদ্দিন বাবুল (৫২) এবং ফেনীর সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজলুল হক নিশান (২৭) ও আমিনুল হকের ছেলে আনোয়ারুল হক রাসেল (২৮)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ জানান, শুক্রবার রাতে দেবিদ্বার উপজেলার বরকামতা থেকে মোটরসাইকেলে করে চান্দিনা উপজেলা সদরের বাসায় ফিরছিলেন মেজবাহ্ উদ্দিন বাবুল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠের পুল এলাকা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। হাইওয়ে পুলিশের ভ্রাম্যমাণ দল তার লাশ উদ্ধার করে।
এদিকে শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার-কাবিলা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক নিশান ও আনোয়ারুল হক রাসেল নিহত হয়।
সোহেল আহমেদ বলেন, নারায়ণগঞ্জ থেকে মোটর সাইকেলে করে ফেনী যাচ্ছিল তারা। নিমসার-কাবিলা এলাকায় ট্রাকাচায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
