আনোয়ারায় দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার আহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক ঠিকাদার।
আহত শেখ মোহাম্মদকে (৫৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাসা কর্ণফুলি থানার উত্তর বন্দরের মহালখান বাজার এলাকায়।
শুক্রবার বিকালে উপজেলার মহসিন আউলিয়া ডিগ্রি কলেজের সামনে তাকে গুলি করা হয়।
শেখ মোহাম্মদ সিইউএফএল ও কাফকোর মালামাল সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ করেন বলে তার ভায়রা রফিউল কবির লিটু জানান।
তিনি বলেন, “গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে ওই কলেজের সামনে দুটি মোটরসাইকেলে চার যুবক তার গতিরোধ করে ডান উরুতে গুলি করে পালিয়ে যায়।”
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, গুরুতর আহত অবস্থায় শেখ মোহাম্মদকে বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়।
কি কারণে গুলির ঘটনা ঘটেছে লিটু বা পুলিশ তা বলতে পারেনি।
