২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে 'ধর্ষণ', গ্রেপ্তার ১

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার দুপুরে গ্রেপ্তার জয়ন্ত কুমার পাল (৩০) কাপাসিয়া ডিগ্রি কলেজের অফিস সহকারি স্বপন কুমার পালের ছেলে।

'ধর্ষণ'-এর শিকার ওই কিশোরীর বাড়ি উপজেলার জুনিয়া গ্রামে। আনুমানিক ১২ বছরের ওই কিশোরী স্থানীয় ফুলকুড়ি প্রতিবন্ধী স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

কিশোরীর পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার এসআই এ বি সিদ্দিক বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় বখাটে জয়ন্ত কুমার পাল ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।

"পরে কাপাসিয়া থানা পুলিশ ধর্ষক জয়ন্তকে দুপুর ১টার দিকে গ্রেপ্তার করেছে।"   

'ধর্ষিত' ওই কিশোরীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মসজিদে ও আমার স্ত্রী বাড়িতে নামাজ পড়ার সময় বাক প্রতিবন্ধী শিশু বাড়ির উঠানে খেলা করছিল।

"এসময় সুযোগ বুঝে ওই লম্পট জয়ন্ত আমার মেয়েকে জোর করে পাশের সবজি বাগানে নিয়ে ধর্ষণ করে। রাত আনুমানিক ১০টার দিকে তার মা, মেয়ের জামার বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে ধর্ষণের ঘটনা জানতে পারে।"

পরে ওই কিশোরীর পিতা কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফুলকুড়ি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, "প্রতিবন্ধী মেয়েটি আমার স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। ঘটনা জানতে পেরে শিশুর বাবাকে নিয়ে থানায় যাই। ঘটনাটি খুবই দুঃখজনক।"

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, "ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার গাজীপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"